দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে সাংবাদিকদের সাথে ট্রান্সপারেন্সি ইন্টার্যাশনাল বাংলাদেশ-টিআইবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ আগষ্ট) দুপুরে সংস্থার চুরিপট্টিস্থ দিনাজপুর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টিআইবি দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. সফিকুল হক ছুটু। উপস্থিত ছিলেন টিআইবির সদস্য আজাদী হাই, চিত্ত ঘোষ, অধ্যক্ষ মো. হাবিবুল বাশার, মো. তারেক প্রমূখ। মতবিনিময় সভায় টিআইবি’র পরিচিতি, ভিশন ও মিশন তুলে ধরে বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার মো. আব্দুল হান্নান আজাদ। এ সময় তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে জোরালো সামাজিক আন্দোলন গড়ে তুলতে টিআইবি কাজ করছে। সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থার দুর্নীতি রোধ করে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি প্রশাসন, রাজনীতি, ব্যবসা-বানিজ্যসহ দেশের সকল ক্ষেত্রে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, টিআইবির মূল্যবোধ গণতন্ত্র, ন্যায় বিচার, আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা, নিরপেক্ষতা এবং নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা করা। জনগণই ক্ষমতার উৎস। তাই নাগরিকদের সম্পৃক্ত করে সকল কর্মকান্ড পরিচালনা করছে টিআইবি। বর্তমানে দিনাজপুরে এই সংস্থাটি স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার ও জলবায়ূ অর্থায়নে সুশাসন এই ৪টি সেক্টরে কাজ করছে। এ সব সেক্টরে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে টিআইবি সাংবাদিক সমাজের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন টিআইবির সভাপতি মো. সফিকুল হক ছুটু ও সাবেক সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুল বাশার।
মতবিনিময় সভায় দিনাজপুরে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, টিআইবি ও সনাক’র এসিসট্যান্ট এরিয়া ম্যানেজার অর্থ ও প্রশাসন পরিতোষ রায়সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।