চিরিরবন্দর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর ও খানসামায় রাতের বেলায় অদৃশ্য মানব কর্তৃক গ্রামের সুন্দরী মেয়ে ও বধুরা শ্লীলতাহানীর শিকার হচ্ছে বলে গুজব উঠেছে। আর এমন গুজবে চিরিরবন্দরের তেতুঁলিয়া ও নশরতপুর ইউনিয়ন এবং খানসামার ভাবকি ইউনিয়নের মানুষের ঘুম হারাম হয়ে গেছে। ওইসব এলাকার মানুষের মুখে মুখে শুধু অদৃশ্য মানব নিয়ে আলোচনা হচ্ছে।
তেতুঁলিয়া ইউনিয়নের ভুষিরবন্দর গ্রামের নাম প্রকাশ না করার শর্তে পুরুষরা জানান, রাতের বেলায় অদৃশ্য কোন মানুষ বাড়ির মহিলাদের উপর এমন ভাবে ভর করছে, যা বুঝে পাচ্ছে না তার কাছে থাকা স্বামী বা কাছে থাকা কোন স্বজন। যা পরের দিন তারাই রাতে শ্লীলতাহানীর ঘটনা নিয়ে কানাকানি করছে। এতে ভয়ে গ্রামের নববধুরা ইতিমধ্যে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ীতে গিয়ে অবস্থান করছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে কথা হয় তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সুনীল সাহা’র সাথে। তিনি সিসি নিউজকে জানান, এটা নিছক একটা গুজব। ক’দিন ধরে আমিও শুনছি এবং কারা এমন নির্যাতনের শিকার হয়েছে তাকে কিংবা তার পরিবারের লোকজনকে খুঁজছি কিন্তু একটা মানুষকেও পাচ্ছিনা। আমার মনে হয়, কোন অসৎ উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে কেহ এ গুজব ছড়াচ্ছে। এজন্য তিনি ইউনিয়নবাসীকে এসব গুজবে কান না দিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রসঙ্গে সিসি নিউজকে জানান, গুজবটি কানে এসেছে। তবে বিষয়টি নিতান্তই গুজব হলেও এর অন্তরালে কোন ঘটনা রয়েছে বলে আমার বিশ্বাস। তিনি বলেন, রাতের আঁধারে এমন আতঙ্ক ছড়িয়ে গ্রামের মানুষকে ঘরের মধ্যে আটকে রাখার একটা কৌশল হতে পারে। যার ফলে নির্বিঘ্নে কোন জঙ্গী গোষ্ঠি বা দুধর্ষ প্রকৃতির লোক আত্মগোপন করতে পারে কিংবা এলাকায় অবস্থান করে পরিকল্পনার জন্য বৈঠক করতে পারে।
সৈয়দপুর মহিলা কলেজের মনোবিজ্ঞানের প্রভাষক সামসুল আলম সিসি নিউজকে জানান, অদৃশ্য মানব বিষয়টি আমাদের দেশে শতকরা দুই জন লোক বিশ্বাস করে। আর ধরে নিতে হবে ওই দুই জন মানুষই মানসিক রোগে ভুগে থাকেন। যার দেখা মেলে শহরের চেয়ে গ্রামেই বেশী। কতিপয় অশিক্ষিত ধর্মান্ধ মানুষেরা বিশ্বাস করে পৃথিবীতে এখনও অশরীরি মানুষ রয়েছে।
কথা হয় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমানের সাথে। তিনি সিসি নিউজকে জানান, এমন গুজবের কথা কেউ তাকে জানায়নি, তবে দ্রুত বিষয়টি খতিয়ে দেখবেন বলে তিনি নিশ্চিত করেন।