সিসি নিউজ : নীলফামারীর সৈয়দপুর পৌরসভা এলাকাকে আবর্জনামুক্ত করতে মেয়র ও কাউন্সিলররাও মাঠে নেমেছেন।
আজ শুক্রবার দিনব্যাপী পৌরসভার অধীন ১৫টি ওয়ার্ডে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। পৌর মেয়র আমজাদ হোসেনের তদারকিতে কাউন্সিলররা বিভিন্ন দলে ভাগ হয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।
কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু জানান, পৌরবাসীকে সুন্দর ও আবর্জনামুক্ত পৌরসভা উপহার দিতে কাউন্সিলররা মেয়রের নির্দেশে ঝাড়ু হাতে মাঠে নেমেছেন।
মেয়র আমজাদ হোসেন সরকার জানান, সৈয়দপুর পৌরবাসীর সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পৌর পরিষদ কাজ করছে। ইতিমধ্যে সড়কবাতি লাগানো এবং কুকুর ও মশা নিধনে কাজ করা হয়েছে।
তিনি আরও জানান, পৌরসভার বরাদ্দকৃত আধুনিকমানের পরিচ্ছন্নতার কাজে গাড়ি ও মেশিন আনা হয়েছে। শহর পরিষ্কার রাখতে প্রয়োজনে প্রতিদিন পৌরসভার পরিচ্ছন্নতা কাজের কর্মীরা শুধু সকালে নয়, দিনে তিনবার করে ময়লা-আবর্জনা অপসারণ করবেন।