সিসি নিউজ: ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে দুই দম্পতিকে আটকের পর র্যাব বলছে, তারা ‘নব্য জেএমবি’র সদস্য।
র্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মিজানুর রহমান ভূঁইয়া জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে’ র্যাব ২ ও ১১ এর দুটি দল মঙ্গলবার রাতে ওই অভিযান চালায়।
আটক দুই দম্পতির কারও নাম মিজানুর রহমান প্রকাশ করেননি। তবে তারা বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছেন তিনি।
“এরা নিও জেএমবির সদস্য। অবস্থা প্রতিকূল দেখলে এরা বিদেশে চলে যায়।”
তারা কোন দেশে যাওয়ার চেষ্টায় ছিলেন সে বিষয়েও কোনো তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি র্যাব।
মিজানুর রহমান বলেন, বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।