বিনোদন ডেস্ক: ঈদ শেষ, কিন্তু ঈদের আমেজ কাটেনি এখনো। আর তাই সঙ্গীতশিল্পী লুইপারও ঈদে গান গাওয়ার ব্যস্ততা শেষ হয়নি। শনিবার রাত ১১টায় এসএ টিভির সরাসরি সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন এই প্রজন্মের আলোচিত শিল্পী লুইপা। এদিকে ১৮ সেপ্টেম্বর চ্যানেল আইতে ৭টা ৪০ মিনিটে ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানেও সঙ্গীত পরিবেশন করবেন তিনি।
লুইপা বলেন, ‘এবারের ঈদ ঢাকাতেই উদযাপন করেছি। খুব ভালো কেটেছে ঈদের সময়টা। এখনো ঈদের আমেজ কাটেনি। ইতিমধ্যে বাংলাদেশ টেলিভিশনে আরিফিন রুমির সঙ্গে গাওয়া আনজাম মাসুদের পরিবর্তন অনুষ্ঠানে আমার গাওয়া গানটির জন্য বেশ সাড়া পেয়েছি। নুতন গানটির কথা ও সুর অনেক ভালো ছিলো। আজ সকালে চ্যানেল আইতে গানে গানে সকাল শুরু অনুষ্ঠানে গান গাইবো। নিজের এবং দর্শকের ভালোলাগার মতো কিছু গান পরিবেশন করবো। শ্রোতা দর্শকের কাছে বিশেষ অনুরোধ থাকবে অনুষ্ঠানটি দেখার জন্য।’
ঈদে শোয়েবের একক অ্যালবামে শোয়েবের সাথে একটি দ্বৈত গানে কন্ঠ দিয়েছেন লুইপা। এদিকে ইতিমধ্যে তৃতীয়বারের মতো প্লে-ব্যাকে কন্ঠ দিয়েছেন তিনি। ছটকু আহমেদের ‘দলিল’ সিনেমায় ‘মরদ’ শিরোনামের গানটি গেয়েছেন লুইপা। এ মিজানের লেখা গানটিতে তার সহশিল্পী রাজীব।
এদিকে মন -এর কথা ও সুর সঙ্গীতে লুইপা নতুন একটি মৌলিক গানে কন্ঠ দিবেন শিগগিরই। গানের কথা হচ্ছে ‘হৃদয়ও নিবিড়ে সে লুকায়’।
অন্যদিকে একটি স্যাটেলাইট চ্যানেলে লুইপা গত মাস থেকে আবারো উপস্থাপনা শুরু করেছেন। তার নতুন এই অনুষ্ঠানের নাম ‘সুরে সুরে গানে গানে’। এর আগে ‘সেরাকন্ঠ’ তারকা লুইপা চ্যানেল আই’র ‘গানে গানে সকাল শুরু’ এবং ‘আহ্বান’ অনুষ্ঠানের উপস্থাপনা করতেন। লুইপা সর্বশেষ ‘ক্রাইম রোড’ সিনেমায় প্লে-ব্যাক করেছিলেন।