সিসি নিউজ: নীলফামারীতে প্রেমিকার পরিবারের সদস্যদের হামলায় আহত প্রেমিকের ছোটভাই লিটন চন্দ্র রায়ের (২২) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের পাটকামুড়ি গ্রামের শ্বশধর রায়ের ছেলে।
এলাকাবাসী জানায়, নিহতের বড়ভাই জিতেন্দ্র নাথ রায় (৩০) প্রেমের সম্পর্ক ধরে গত ১৪ সেপ্টেম্বর একই গ্রামের খগেন্দ্র নাথ রায়ের মেয়ে রাধিকা রানী রায়কে পালিয়ে নিয়ে বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে ১৬ সেপ্টেম্বর সকালে মেয়ের পরিবারের সদস্যরা জিতেনের ওপর হামলা চালায়।
এসময় জিতেনের ছোটভাই লিটন চন্দ্র রায় এগিলে হামলার শিকার হয়ে আহত হয়। স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে লিটনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থান্তর করা হয়।
লিটনের বড়ভাই জিতেন্দ্র নাথ রায় বলেন, সেদিনের হামলায় আহত হয়ে আমি নীলফামারী সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নেই। আমার ছোটভাই লিটনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আমার ছোট ভাইয়ের মৃত্যু হয়। এঘটনায় আমি থানায় অভিযোগ দায়ের করেছি।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আখতার বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের বড়ভাই জিতেন্দ্র নাথ রায় বাদি হয়ে রাধিকার বাবা ও দুই ভাইসহ নয়জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলার তদন্ত চলছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।