নীলফামারী প্রতিনিধি: শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। মঙ্গলবার বিকেলে জেলা সদরের নটখানায় অবস্থিত দি লেপ্রসি মিশন ইণ্টারন্যাশনাল (টিএলএমআই) প্রশিক্ষণ কেন্দ্রে এই গোল টেবিল বৈঠকের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াল্ড ভিশন বাংলাদেশ।
ওয়ার্ল্ড ভিষণ নীলফামারী এডিপি ব্যবস্থাপক বিমল জেমস্ কস্তার সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন।
বৈঠকে বক্তব্য রাখেন পলাশবাড়ি ইউপি চেয়ারম্যান মমতাজ আলী প্রামানিক, খোকশাবাড়ি ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান প্রধান, টুপামারী ইউপি চেয়ারম্যান মো. মছিরত আলী শাহ ফকির, সাংবাদিক তাহমিন হক প্রমুখ।
বৈঠকে অংশ নেয়া কিশোর-কিশোরী ফোরামের সদস্য মালা রানী রায় বলেন, কিশোর কিশোরী ফোরাম বাল্য বিবাহ, শিশু শ্রম রোধে কাজ করে যাচ্ছে, কিন্তু আমাদের নিরাপত্তা এবং সহযোগিতার অভাবে এ কাজ করতে গিয়ে নানাবিধ সমস্যা হচ্ছে। এ জন্য আমাদের প্রশাসন, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমের প্রত্যক্ষ সহযোগিতা প্রয়োজন।
গোলটেবিল বৈঠকে ওয়ার্ল্ড ভিষন নীলফামারীর কিশোর কিশোরী ফোরামের ৬৫ জন সদস্য অংশ নেয়।
বক্তারা শিশু শ্রম বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ, ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয় গামী করাসহ শিশু অধিকার ও শিশু সুরক্ষায় করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন।