সিসি নিউজ: নীলফামারীতে পল্লী বিদুৎ সমিতির বকেয়া বিদ্যুৎ বিলের টাকা আদায়ের কাজে বাধা সৃষ্টি, কর্মকর্তাকে লাঞ্চিত ও চাঁদা দাবির মামলায় নূর আমিন সরকার (২২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার রাতে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির প্রশাসনিক কর্মকর্তা তরফদার এনামুল কবীর বলেন, গত মঙ্গলবার দুপুরে নীলফামারী সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) মো. আবু হাসানের নেতৃত্বে বকেয়া আদায়ের জন্য পাঁচ সদস্যের একটি দল সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় গ্রামে যায়।
এসময় ওই গ্রামের নূরন্নবী সরকার (২৫) এবং দুখু মিয়ার (২৪) নেতৃত্বে ছয় থেকে সাত জনের একদল যুবক এসে কাজে বাধা সৃষ্টি ও চাঁদা দাবি করে। কর্তব্যরতরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা চালিয়ে তাদেরকে শারিরীকভাবে লাঞ্চিত করে চাঁদাবাজ ওই যুবকরা।
চাঁদাবাজদের হামলায় গুরুতর আহত হন সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) মো. আবু হাসান আহত হন। পরে খবর পেয়ে পুলিশ আহত সহকারী জেনারেল ম্যানেজরসহ পাঁচজনকে উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর ওই রাতেই ছয় জনকে আসামী করে নীলফামারী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আকতার বলেন,‘নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাকে লাঞ্চিত, কাজে বাধা সৃষ্টি ও চাঁদা দাবি করায় সমিতির প্রশাসনিক কর্মকর্তা তরফাদার এনামুল কবীর বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। আসামীর মধ্যে নূর আমিন সরকার নামে এক জনকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।