সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে বজ্রপাতে লিমা (১১) নামে এক স্কুল ছাত্রী মারা গেছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কাঠারীপাড়ায় এ ঘটনা ঘটে। লিমা ওই গ্রামের নাজমূল হকের কন্যা এবং বোতলাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, লিমা বৃষ্টিপাতের সময় বাড়ীর উঠানে গেলে ওই সময়ে বজ্রপাতের ঘটনাটি ঘটে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম সিসি নিউজকে জানান, লোকজনের কাছে খবরটি পেয়েছি। প্রকৃত বিষয়টি জানার জন্য ওই ইউনিয়নের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হয়েছে।