ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে আটো বাইক চুরি করতে গিয়ে এক ইউপি সদস্য জনতার হাতে আটক হয়েছে। ইউপি সদস্যের নাম আব্দুস সালাম। সে জেলার ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য এবং ওই এলাকার অলিয়ার রহমানের ছেলে।
বোড়াগাড়ী আনসার ভিডিপি ইউনিয়ন দলপতি মশিয়ার রহমান ও চৌকিদার সুরেন্দ্র নাথ জানায়, সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নোয়ানী বাকডোকরা গ্রামের মেঘনাথ রায়ের বাড়ীতে একটি অটোবাইক চুরি করতে যায়। এ সময় মেঘনাথ ওই অটোবাইকে ঘুমিয়ে ছিলেন। টের পেয়ে সে চিৎকার শুরু করে দিলে এলাকাবাসী তাকে আটক করে। আটকের পর তাকে বোড়াগাড়ী ইউপি’র অপর সদস্য সুরেন্দ্র নাথের বাড়ীতে নিয়ে যায়। আজ মঙ্গলবার ভোর রাতে তাকে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।
বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানায়, তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ রাজিউর রহমান বিষযটি নিশ্চিত করেন।