বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে স্বল্পমূল্যের হত-দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারী চাল বাজারে বিক্রয়ের সময় বিক্রেতা ও ডিলার সহ ২ জনকে আটক করা হয়েছে।
বীরগঞ্জ থানার এজাহার সুত্রে জানা যায়, উপজেলার সাতোর ইউনিয়নের ২৫ মাইল বাজারে সরকারের বরাদ্দকৃত হত দরিদ্রদের জন্য সল্পমূল্যের চাউল বাজারের মুদি ব্যবস্যায়ী আব্দুর রৌফ এর পুত্র মোঃ রুস্তোম আলী বিক্রয় কালে এলাকাবাসীর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন ৪ অক্টেবর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বীরগঞ্জ থানার এসআই আযম প্রধানের সহযোগিতায় অভিযান চালিয়ে ৪ বস্তা চাউল আটক করে। এসময় চাউল বিক্রির দায়ে লক্ষিপুর গ্রামের শরৎ চন্দ্র রায়ের পুত্র ডিলার কামিনী রায় (৫০) বিক্রেতা রুস্তোম আলী (৪৫)কে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ্দ করে।
রাত্রী ১২টায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের খাদ্য পরিদর্শক মোঃ এনামুল হক বাদী হয়ে আটককৃত ২ জন ও পলাতক ২ জন ওয়ার্ড সদস্যকে আসামী করে বীরগঞ্জ থানায় ১টি মামলা দায়ে করে। যার মামলা নং-৩, তারিখ- ০৪/১০/১৬ইং।
আটকৃতদের ও এলাকাবাসীর তথ্যমতে জানা গেছে, ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর বাজার এলাকার ৯নং ওয়ার্ড সদস্য হুমায়ুন কবির ও ৯নং ওয়ার্ড সদস্য ননী গোপাল (৪০) ২ জন ডিলার কামিনী রায় ও রসুলপুর গ্রামের রাখাল দেব শর্মার পুত্র মতিন শর্মার সহযোগিতায় আছিয়া, প্রমিলা, মেনকা সহ ১৫/১৬ জনের কার্ড নিজের কাছে রেখে গোপনে নিজেস্ব বিভিন্ন ব্যক্তির নামে চাউলের কার্ড তৈরী করে ইউনিয়ন পরিষদের সামনে অবস্থানকৃত সেনপাড়া গ্রামের মৃত ললিত সেনের পুত্র মুদি ব্যবস্যায়ী সত্যবান সেন এর মাধ্যমে হত-দরিদ্রদের জন্য বরাদ্দকৃত স্বল্পমূল্যের সরকারী চাল নিয়ে গিয়ে বিভিন্ন স্থানে বিক্রয় করে। রুস্তোম আলীর দোকানে উদ্ধারকৃত চাউল সত্যবান সেনের নিকট হতে ক্রয়কৃত।
এ ব্যাপারে সরজমিনে গেলে এলাকাবাসী জানায়, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যন গোপাল দেব শর্মা ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য নিজস্ব নিকট ব্যক্তিদের দ্বারা ডিলার নিয়োগ দিয়ে সরকারী চাউল চুরির সুযোগ করে দেয়। এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেনকে অভিনন্দন জানিয়ে প্রশাসনের মাধ্যমে দূর্নিতীবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবী জানায়।