সিসি নিউজ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে আগুন লেগেছে। এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শুক্রবার সকাল ১০টার দিকে ট্রেনটি মাধবপুর উপজেলার নোয়াপাড়া স্টেশনে পৌঁছালে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াপাড়া স্টেশনমাস্টার মোয়াজ্জেম হক বলেন, পারাবত এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন থেকে এই আগুন লাগে। যাত্রীরা সবাই ভয়ে ট্রেন থেকে নেমে গেছেন। তবে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। হবিগঞ্জ ও মাধবপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।
এদিকে ট্রেনে আগুন লাগায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপ-প্রকৌশলী রুহুল আমিন।