সিসি নিউজ: বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফি আহমেদকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ শনিবার বিকেলে শহরের সৈয়দপুর প্লাজাস্থ রেড চিলি নামক চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করা হয়। বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি সৈয়দপুর উপজেলা শাখা ওই সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে সোসাইটির সভাপতি ও সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর শাহিন হোসেন উপস্থিত সংবাদকর্মীদের জানান, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও নীলফামারী জেলা বাস মালিক সমিতির কতিপয় সদস্যের হটকারিতায় ও মিথ্যা অভিযোগে অটোবাইক চলাচলে বাধা সৃষ্টি করছে। আর এর প্রতিবাদ করতে গিয়ে গত বৃহস্পতিবার নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও নীলফামারী জেলা বাস মালিক সমিতির সদস্যরা লাঠিসোটা নিয়ে সৈয়দপুর শহরের বিভিন্ন স্থানে অটোবাইক শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে শ্রমিকদের আহত করার পাশাপাশি প্রায় শতাধিক অটোবাইক ও সোসাইটির ২নং রেল গুমটি সংলগ্ন নিজস্ব কার্যালয় ভাংচুর করে। এ সময় কার্যালয়ে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও গুড়িয়ে দিয়েছে মটর শ্রমিকরা।
তিনি জানান, আর এ ঘটনায় উল্টো সোসাইটির ২০ নেতাকর্মীদের নামে ওই দিনই থানায় একটি মিথ্যা ও হয়রানীমূলক মামলা দায়ের করে মটর শ্রমিকের ওই সংগঠনটি। পরদিন শুক্রবার পুলিশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফি আহমেদকে ওই মামলায় গ্রেফতার করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা মিথ্যা মামলায় শফি আহমেদকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানায়। এবং সোসাইটির পক্ষে শফি আহমেদকে নিঃশর্তে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়। অন্যথায় রোববার (৯ অক্টোবর) ওয়াপদা মোড়ে ঘন্টাব্যাপী প্রতিক ধর্মঘট অনশন ও পরদিন সোমবার (১১ অক্টোবর) একই স্থানে মানববন্ধণ কর্মসূচীর ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি সৈয়দপুর উপজেলা শাখার নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নূরুল আমিন, রশিদুল ইসলাম রুহুল, মোবারক হোসেন, শামীম হোসেন, আনোয়ার হোসেন, জাকারিয়া, শাবান, ময়নুল হক, জহির হোসেন, মাসুদ হোসেন, রবি প্রমুখ।