সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরের মেসার্স ইউসুফ ডেইরি ফার্মের মালিক রোটারিয়ান ও সমাজসেবক জামিল আশরাফ মিন্টু হরমোন, এন্টিবায়োটিক ও রাসায়নিক ছাড়াই দেশীয় পদ্ধতিতে গরু-ছাগল মোটা তাজাকরণ করে আলোড়ন সৃষ্টি করেছেন। বেকারত্ব দূরীকরণের পাশাপাশি তিনি নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলেছেন। তার কর্ম দেখে অনেক বেকার যুবক স্বাবলম্বী হিসেবে নিজেকে দাঁড় করাতে ডেইরি ফার্ম করার সিদ্ধান্ত নিয়েছেন। এর স্বীকৃতিস্বরুপ মিন্টু পেয়েছেন একাধিক পদক। গত ৫ অক্টোবর পেয়েছেন পল্লী কবি জসিম উদ্দিন স্বর্ণপদক। ঢাকার শাহবাগে বিশ্ব সাহিত্য কেন্দ্র ও উদীয়মান বাংলাদেশ গণআজাদী শিল্প গোষ্ঠী আয়োজিত আজকের অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি এসকে শিকদার মকবুল হক ও বিশেষ অতিথি তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুনসহ অন্যান্য অতিথিবৃন্দ সমাজসেবায় ও ডেইরি ফার্মে বিশেষ অবদান রাখায় রোটারিয়ান জামিল আশরাফ মিন্টুর হাতে কবি জসিম উদ্দিন স্বর্ণপদক-২০১৬ প্রদান করেন।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর ঢাকার সেগুনবাগিচায় মাদার তেরেসা পদক পান মিন্টু। সৈয়দপুর শহরের বাঁশবাড়ী এলাকার শিল্পপতি আলহাজ্ব সাহাবুদ্দিনের ছেলে ও সাবেক পৌর কাউন্সিলর মোস্তফা কামালের ভাতিজা মিন্টু অঢেল সম্পদের মালিক হলেও বড় কোন ব্যবসায় না গিয়ে নিজ উদ্যোগে নিজেকে স্বাবলম্বী করতে বাসার পাশেই নিজ জমিতে তৈরি করেন গরু ছাগল পালনের ভেজালমুক্ত ডেইরি ফার্ম। আস্তে আস্তে প্রসার ঘটতে থাকে এই ফার্মের। এর সাথে শুরু করেন দেশীয় পদ্ধতিতে মাছ চাষ। আজ তিনি একজন সফল ব্যবসায়ী। মিন্টু তার এলাকায় ব্যবসা করে আলোড়ন সৃষ্টি করেছেন। প্রতিদিন অনেকে ভীড় করছে তার খামার দেখার জন্য। তার খামারে প্রতিটি গরু ছাগল প্রাণী সম্পদ অধিদপ্তরের ছাড়পত্র প্রাপ্ত। সৈয়দপুরের এই প্রথম কোন ডেইরি ফার্ম মালিক পর পর কবি জসিম উদ্দিন ও মাদক তেরেসা পদক পেলেন।