ঝিনাইদহ : জেলার কালীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২ যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তত ২০ জন। কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান এলাকায় আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের কালীগঞ্জ ও যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, যশোর থেকে ছেড়ে আসা গড়াই পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কালীগঞ্জের যশোর-ঝিনাইদহ সড়কের কেয়াবাগানে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই এক পুরুষ ও এক নারী নিহত হয়। আহত হয় আরো ২০ জন। খবর পেযে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় জনতা হতাহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে বেশ কয়েজনের অবস্থা আশঙ্কাজনক। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।