নীলফামারী প্রতিনিধি: নীলফামারী পৌর শহরের সড়কগুলো প্রসস্ত করণের উদ্যেশে এবং যানজট নিরসনের লক্ষ্যে সড়ক জুড়ে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে নীলফামারী পৌরসভা কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরের দিকে নীলফামারী কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়ের হোসেনের নেতৃত্বে পুলিশ ও পৌরসভার কর্মচারীরা পৌরশহরের চৌরঙ্গী মোড় থেকে কলেজ স্টেশন পর্যন্ত গুরুত্বপূর্ন দেড় কিলোমিটার সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ কাজ শুরু করেন। এসময় নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, কাউন্সিলর গোলাম কিবরিয়া, আব্দুল জলিল, বাদশা আলমগীরসহ অন্যান্য কাউন্সিলররা উপস্থিত ছিলেন। নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, ওই সড়কে হাসপাতাল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি কলেজ, স্টেডিয়াম, কারিগরি স্কুল এবং কলেজ, কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র, রেল স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। ১২ ফিট প্রসস্তের ওই সড়কে যানজট লেগে থাকতো। গুরুত্বপূর্ণ ওই সড়কটি ২৮ ফিট প্রসস্ত করণের লক্ষ্যে ইতিমধ্যে দরপত্র গ্রহন শেষে কাজ শুরু করা হয়েছে। কিন্তু সড়কের অনেক জায়গা বেদখল হওয়ায় বুধবার থেকে ওইসব যায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘের ওই সড়কের দুই ধারের যায়গা দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যহত থাকবে। এছাড়াও পৌর শহরের অন্যান্য যে সড়ক গুলোর প্রসস্ত করণের কাজ চলছে কিন্তু যারা অবৈধভাবে দখল করে রেখেছেন সেগুলো সড়কের অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে পর্যায়ক্রমে বলে জানান মেয়র দেওয়ান কামাল আহমেদ। উচ্ছেদ অভিযান শুরুর সময় স্থানীয়রা জানান, ‘সড়কটি অত্যান্ত গুরুত্বপূর্ণ হলেও অপ্রস্ত সড়কটির দু’ধারের যায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলায় আরো সংকুচিত হয়ে পড়েছে সড়কটি। ফলে এই সড়কে স্কুল কলেজ সময়ে যানজটের মাত্রা আরও বৃদ্ধি পায়। সড়ক সংলগ্ন হাসপাতাল থাকায় রোগি নিয়ে যাওয়া-আসায় প্রায়সময় বিরম্বনায় পড়তে হয় রোগির স্বজনদের। দখলমুক্ত করে সড়কটি প্রসস্ত করার কাজ শুরু করা হলে এই সড়ক দিয়ে যাতায়াতকারীদের আর কষ্ট পোহাতে হবেনা।