ঢাকা: রাজধানীর ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির প্রভাষক রাবেয়া কুলসুম (২৬) প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাতে এ তথ্য জানান বাড্ডা থানার ওসি আব্দুল জলিল।
আব্দুল জলিল বলেন, কুলসুম চলতি বছরের জানুয়ারিতে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে যোগদান করেন। আফতাব নগরে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন কুলসুম। এ বাসাতে তিনি একাই থাকতেন। আমরা কুলসুমের ভাই মো.শরিফের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করছি, প্রেম ঘটিত কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। এ বিষয়ে কুলসুমের ভাই শরিফ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
এদিকে, বুধবার দুপুরে কুলসুমের ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক আ.খ.ম. সফিউজ্জামান খায়ের সাংবাদিদের জানান, কুলসুম আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে বাড্ডায় নিজ বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় কুলসুমের মৃতদেহ উদ্ধার করে তার স্বজনেরা। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে তার ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।