বিনোদন ডেস্ক: ভারতের পোশাক কোম্পানি গিগল-এর বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন এই বাংলাদেশের প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। গত ১৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে পোশাক কোম্পানি গিগলের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। আগামী দুই বছর মিষ্টি জান্নাত প্রতিষ্ঠানটির সব ধরনের প্রচারণার সঙ্গে যুক্ত থাকবেন। এ সময় গিগল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, ‘গিগলের পোশাক আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। তাই গিগলের প্রস্তাব পেয়ে আর না করতে পারিনি। এ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে ভালো লাগছে। এর মাধ্যমে প্রথমবারের মতো পোশাক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলাম।’
ইতোমধ্যে বাংলাদেশে গিগলের আটটি শোরুম খোলা হয়েছে। আগামী ৪ নভেম্বরে মিষ্টি জান্নাতের উপস্থিতিতে মিরপুরে আরেকটি শোরুম উদ্বোধন করা হবে। উদ্বোধন উপলক্ষে নানা অনুষ্ঠান ও র্যাম্প শোয়ের আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠানটির বাংলাদেশে যাত্রা উপলক্ষে একটি কুইজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যার পুরস্কার হিসেবে ২১ নভেম্বর বিজয়ীকে তুলে দেয়া হবে টাটা ন্যানো কার।
মিষ্টি অভিনীত ‘তুই আমার’ ও ‘তুই আমার রানী’ শীর্ষক ছবি দুটির শুটিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। চলতি বছর ছবি দুটি মুক্তি পেতে যাচ্ছে।
তা ছাড়াও ওপার বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী সোহমের বিপরীতে আমার প্রেম তুমি শিরোনামের একটি ছবিতে অভিনয় করছেন মিষ্টি জান্নাত। ছবিটি পরিচালনা করছেন সজল আহমেদ। এ ছাড়াও যৌথ প্রযোজনাসহ বেশ কটি ছবির কাজ করার কথা রয়েছে।