• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন |

তৃতীয়বার জয়লাভের জন্য জনগণের দোরগোড়ায় যেতে হবে- হাসিনা

হাসিনাসিসি নিউজ : তৃতীয় দফা নির্বাচনে জয়ী হওয়ার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ার নির্দেশনা দিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার সকালে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তিনি এই নির্দেশনা দেন। এই অধিবেশনে সভাপতিত্ব করছেন শেখ হাসিনা।
সকাল ৯টা ৪০ মিনিটে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশন শুরু হয়। ৬ হাজার ৫৭০ কাউন্সিলর এই কাউন্সিলের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য দলের নতুন নেতৃত্ব ঠিক করবেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অধিবেশনের শুরুতেই ২০১৯ সালের পরবর্তী নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, সামনে নির্বাচন। জনগণের কাছে যেতে হবে। তৃতীয় দফা নির্বাচনে জয়লাভ করতে হলে জনগণের দোরগোড়ায় যেতে হবে। উন্নয়নের কথা বলতে হবে।
নির্বাচনে জনগণের সমর্থন পেতে গত ৭ বছরে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের চিত্র মানুষের কাছে তুলে ধরার ওপর জোর দেন তিনি।
শেখ হাসিনা বলেন, ব্যাপক প্রচার করতে হবে। জনগণকে বোঝাতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন হবে।
বিগত সময়ে সরকারে থাকা বিএনপির কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করে আওয়ামী লীগ সভাপতি বলেন, যারা মানি লন্ডারিং করে, পুড়িয়ে মানুষ মারে, যুদ্ধাপরাধীদের মদত দেয়, তারা যেন ক্ষমতায় আসতে না পারে।
এ সময় শেখ হাসিনা তার বক্তব্যে নিজের বয়স ৭০ বছরের বিষয়টি তুলে ধরে সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
কিন্তু কাউন্সিলররা চান না যে প্রধানমন্ত্রী সরে দাঁড়ান। তারা মনে করেন এ পদের জন্য প্রধানমন্ত্রীই যোগ্য। তাই প্রধানমন্ত্রীর সরে দাঁড়ানোর আগ্রহ প্রকাশের সঙ্গে সঙ্গে কাউন্সিলররা ‘না’ ‘না’ বলে আওয়াজ তোলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে তিনি ‘সততা’ দেখতে চান। আমি চাই, আমি বেঁচে থাকতে থাকতে নেতা নির্বাচন করে দলকে শক্তিশালী করে যাব।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ আমার পরিবার। আওয়ামী লীগ আমার আপনজন। আমার সন্তানদের এতো সময় দেই নাই আওয়ামী লীগকে যত সময় দিয়েছি।
গতকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে দলের ২০তম সম্মেলনের উদ্বোধন করে সরকারের সেই পরিকল্পনা বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সক্রিয় হওয়ার তাগিদ দেন তিনি।
ক্ষমতাসীন দলটির এবারের সম্মেলনের স্লোগান ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ