রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে কলেজ ছাত্রী বিলকিস আক্তার বৃষ্টি (১৯) দুই দিন ধরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে। এ ঘটনায় ওই এলাকায় উৎসুক জনতার ভিড় জমেছে। ঘটনাটি ঘটেছে, চাকির পশার ইউপির তালুক আষাঢ়– (নবগ্রাম) এলাকায় শনিবার বিকেলে। ওই এলাকার মোহাম্মদ আলী রহমানের পুত্র মাস্টার্স পরীক্ষার্থী জাহিদুল ইসলাম (২২) এর সঙ্গে রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজের বিএ ১ম বর্ষের ছাত্রী ও ঘড়িয়ালডাঙ্গা ইউপির চেতনা গ্রামের ভ্যান চালক বাবলু মিয়ার পালিত কন্যা বিলকিস আক্তার ওরফে বৃষ্টি (১৯) এর দীর্ঘ ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অনশনরত প্রেমিকা বিলকিস এ প্রতিনিধিকে বলেন, জাহিদুল প্রেমের সম্পর্কের পাশাপাশি বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে ৩ বছর ধরে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। মাস খানেক পূর্বে বিয়ের জন্য একাধিকবার চাপ প্রয়োগ করলে সে বিভিন্ন প্রকার টালবাহনা শুরু করে এবং কৌশলে সটকে পড়ে। নিরুপায় হয়ে সে বিয়ের দাবিতে শনিবার বিকেল থেকে অনশন শুরু করে। স্থানীয় ইউপি সদস্য নারায়ণ চন্দ্র রায় বলেন, মেয়েটি বাড়িতে আসার পর থেকে বাড়ির লোকজন ঘরে তালা দিয়ে গা ঢাকা দিয়েছে। শনিবার রাতে জাহিদুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে ঘরের তালা খুলে মেয়েটিকে ঘরে উঠিয়ে দিয়েছি। ছেলের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, আশা করি শীঘ্রই বিয়ের ব্যবস্থা করা হবে।