সিসি নিউজ: অর্থ আত্মসাতের মামলায় সৈয়দপুরের লবণ ব্যবসায়ী এজাজ আহমেদকে (৪০) গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। গত ২৩ অক্টোবর সন্ধ্যায় শহরের পাঁচমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করে সৈয়দপুর থানা পুলিশ।
মামলার আরজি সূত্রে জানা যায়, সৈয়দপুরের চিনি ও লবণ ব্যবসায়ী এজাজ আহমেদ চট্টগ্রাম কোতয়ালী থানার খাতুনগঞ্জের মেসার্স এম কে ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. রফিকুল ইসলামেরর কাছ থেকে নগদ ও বাকিতে মালামাল (লবণ ও চিনি) খরিদ করতেন। দীর্ঘদিন তাদের মধ্যে ব্যবসা চললেও এক পর্যায়ে ব্যবসায়ী এজাজ ২৯ লাখ ৮১হাজার ৩৪৩ টাকা বকেয়া রেখে লেনদেন বন্ধ করে দেয়। এরই মধ্যে চট্টগ্রামের ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মো. রফিকুল ইসলাম তাঁর পাওনা টাকা আদায়ে এজাজের ওপর চাপ সৃষ্টি করে। অবশেষে গত ২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারী এক বৈঠকে এক মাসের মধ্যে টাকা পরিশোধ করবে বলে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার করেন ব্যবসায়ী এজাজ।
কিন্তু সে নিদিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ না করে টালবাহানা শুরু করে। দীর্ঘদিনে এ টাকা পরিশোধ না হওয়ায় চট্টগ্রামের ব্যবসায়ী মো. রফিকুল আলম গত বছরের ১৯ অক্টোবর ব্যবসায়ী এজাজের বিরুদ্ধে একটি লিগ্যাল নোটিশ প্রদান করেন ।
ওই বছরের ২৬ অক্টোবর নোটিশ পেয়ে ব্যবসায়ী এজাজ চট্টগ্রামের ব্যবসায়ী রফিকুল ইসলামকে টাকা দেবে না জানিয়ে বিভিন্ন ধরনের হুমকিধমকি দেন। এ ঘটনায় ওই বছরের ১ ডিসেম্বর ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এজাজের বিরুদ্ধে থানায়ও একটি অভিযোগ করেন ব্যবসায়ী রফিকুল ইসলাম।
পরবর্তীতে চলতি বছরে ব্যবসায়ী রফিকুল ইসলাম চট্টগ্রাম আদালতে ২৯ লাখ ৮১ হাজার ৯৪৩ টাকা আত্মসাত করার অভিযোগে সৈয়দপুরের ব্যবসায়ী এজাজের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত ব্যবসায়ী এজাজের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। সম্প্রতি আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাটি সৈয়দপুর থানায় এলে পুলিশ গত ২৩ অক্টোবর সন্ধ্যায় শহরের পাঁচমাথা মোড় থেকে এজাজ আহমেদকে গ্রেফতার করে। রাতেই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
ব্যবসায়ী এজাজ আহমেদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আমিরুল ইসলাম। তিনি জানান, আদালতের গ্রেফতারী পরোয়ানা তামিল করতেই ওইদিন তাকে গ্রেফতার করা হয়।