চট্টগ্রাম: মিরসরাই উপজেলার নিজামপুর এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ ডাকাত নিহত হয়েছে। শুক্রবার দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে র্যাবের ২ সদস্যও আহত হয়েছেন।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, ফেনী থেকে র্যাবের একটি টহল দল মাইক্রোবাসে করে চট্টগ্রাম ফিরছিল। রাত ৩টার দিকে মিরসরাইয়ে তাদের সাধারণ যাত্রী ভেবে আটকেছিল ডাকাতরা। ডাকাতরা সড়কে ব্যারিকেড দিয়ে মাইক্রোবাস থামিয়ে গুলি চালিয়ে টায়ার পাংচার করে দেয়। তখন র্যাব সদস্যরাও গুলি চালায়। গোলাগুলির পর ডাকাত দল পালিয়ে গেলে ৩ জনকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় র্যাব। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে থেকে ৩টি পিস্তল, ২টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয় বলেও তিনি জানান।