সিসি নিউজ: সিসি নিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ পোর্টালে সোমবার বিকেলে ‘সৈয়দপুরে ১০ টাকা কেজি দরের চাল চাকুরীজীবি, স্বচ্ছল ও ব্যবসায়ীর ঘরে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর উপজেলার কামারপুকুর ইউনিয়নের হতদরিদ্র রানু খাতুন তার ঘুষের ৫শ টাকা ফেরত পেয়েছে। রানু ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ধলাগাছ সর্দারপাড়ার আকবর আলীর স্ত্রী।
জানা গেছে, সরকারের সুলভ মূল্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কর্মসূচীর কার্ড প্রাপ্তির জন্য একই গ্রামের জনৈক ময়নুল হককে ৫শ টাকা উৎকোচ প্রদান করে। দরিদ্র রানু কর্জ করে ওই টাকা প্রদান করে এবং তাকে একটি কার্ডও প্রদান করা হয়। সিসি নিউজ-এ ধরনের সংবাদ প্রকাশের পর ময়নুল রাত সাড়ে ৮টার দিকে রানু বাড়িতে গিয়ে টাকা ফেরত দেয়।
কামারপুকুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মমিনুল ইসলাম রাতের আঁধারে ঘুষের ৫শ টাকা ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।