সিসি নিউজ: নীলফামারীর ডিমলায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান ‘শুটিবাড়ী বাজার সার্বজনীন মন্দির কমপ্লেক্স’র জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার মন্দির কমিটির সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেয়া একটি লিখিত অভিযোগে এমন তথ্য মিলেছে।
শুটিবাড়ী বাজার সার্বজনীন মন্দির কমপ্লেক্স কমিটির সভাপতি মহানন্দ পাল ও সাধারন সম্পাদক সুবাস চন্দ্র রায় সহ প্রায় ৩০ জন হিন্দু সম্প্রদায়ের লোকের স্বাক্ষরিত অভিযোগ মতে, জমির রেকর্ড মূলে মন্দিরের নামে ৩৯ শতক জমি রয়েছে। মন্দিরের ওই জমির মধ্যে ১৬ শতক জমি এলাকার একটি স্বার্থান্বেষী মহল দখল করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে।
লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে, বাজারে ভূমিহীন মুকুল দেব নাথ দীর্ঘ কয়েক বছর ধরে ছোট কাঁচা ঘরে চা-বিস্কুট বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছে। গত ৩০ অক্টোবর সন্ধ্যায় চিহ্নিত ওই মহলটি তার দোকানটি অন্যত্রে সরিয়ে নেয়ার জন্য নির্দেশ দেয়। অন্যথায় দোকান ঘরটি গুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে।
মন্দির কমিটির দাবি, ওই মহলটি তাদের ব্যাক্তি স্বার্থ হাসিলের লক্ষ্যে অত্র এলাকার হিন্দু সম্প্রদায়ের ক্ষতি সাধনসহ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা চালাচ্ছে। ফলে তারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম সংবাদকর্মীদের বলেন, আমি অফিসের বাইরে আছি। মন্দির কমিটির কোন অভিযোগ এখনো পাইনি। তবে অভিযোগ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ যে, হাটের জমিতে অবৈধভাবে পাকা অবকাঠামো তৈরী করায় ক্রেতা-বিক্রেতাসহ পথচারীদের দুর্ভোগ লাঘবের দাবিতে শুটিবাড়ী হাটের জমি উদ্ধার বাস্তবায়ন কমিটির ব্যানারে গত রোববার ওই হাট এলাকায় অবস্থান ধর্মঘট পালন করে। 