গাজীপুর: মহানগরীর কচুপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্র, ককটেল ও জিহাদি বইসহ ৫ জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে মহানগরীর বনগ্রাম কচুপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গাজীপুর জেলা পুলিশের স্পেলাশ টাস্ক ফোর্সের সদস্যরা।
বুধবার সকালে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার কাউসিলপাড়া গ্রামের আব্দুল কাসেমের ছেলে প্রকৌশলী মো. তানভীরুল হক সজল, কিশোরগঞ্জের সাতুটা এলাকার রমজান আলীর ছেলে দ্বীন ইসলাম, একই এলাকার আব্দুল হেকিমের ছেলে মো. আব্দুল হান্নান, জঙ্গু মিয়ার ছেলে মো. হোসেন এবং সিরাজ মিয়ার ছেলে মো. হারুন মিয়া।
পুলিশ সুপার জানান, গাজীপুরের বনগ্রাম কচুপাড়া শালবনের ভেতর ১০/১৫জন জঙ্গি নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য সভা করছে এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে পাঁচ জঙ্গিকে গ্রেফতার করা হয় এবং ঘটনাস্থল থেকে ছয়টি ককটেল, পাঁচটি পেট্রোলবোমা, দুইটি ছোড়া, একটি চাপাতি, বেশ কিছু জিহাদি বই এবং দুটি পতাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের মধ্যে তানভীরুল হক একজন ইলেক্ট্রনিক প্রকৌশলী বলেও জানান এসপি।