দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর রিজ স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ওলিউর রহমান নয়ন তাঁর স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নওশীন আরা চৌধুরীকে চলতি বছরের ৩০ এপ্রিল টিসি দেয়াকে কেন্দ্র করে অনাকাঙ্খিত ঘটনার বিবরণ তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার (২ নভেম্বর) দুপুর ২টায় দিনাজপুর তিনি এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. ওলিউর রহমান নয়ন বলেন, আমি স্কুলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলেও পারিবারিক ও ব্যবসায়িক কারণে বছরের বেশীর ভাগ সময় আমাকে লন্ডনে অবস্থান করতে হয়। ঘটনার পর স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নওশীন আরা চৌধুরীর পিতা-মাতার সাথে যোগাযোগ করলে আমি লন্ডন থেকে দিনাজপুরে আসার পর বিষয়টি সমাধানের আশ্বাস দেই। এর কিছুদিন পর আমি দিনাজপুরে আসলে উক্ত শিক্ষার্থীর পিতা-মাতা, স্কুলের অধ্যক্ষ ও আরো কয়েকজনসহ আলোচনার পর বিষয়টির কোন সুষ্ঠু সমাধান হয়নি। এর পরের ঘটনাবলি যার সব আপনাদের জানা আছে।
সংবাদ সম্মেলনে তিনি এসব অনভিপ্রেত ও দুঃখজনক ঘটনার জন্য স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। একই সাথে কন্যা সমতুল্য শিক্ষার্থী নওশীন আরা চৌধুরীর উজ্জল ভবিষ্যত কামনা করেন।