বিনোদন ডেস্ক: ফের মা হতে চান কিম কারদাশিয়ান। কিন্তু এবার নিজে সন্তানধারণ না করে সারোগেসির পথে হাঁটতে চান তিনি।
সংগীতশিল্পী কেনিয়ে ওয়েস্টের সঙ্গে তাঁর দুই সন্তান রয়েছে। তিন বছরের মেয়ে নর্থ এবং ১০ মাসের ছেলে সেন্ট। তবে কিম এবং কেনিয়ে দু’জনেরই ইচ্ছে, তাঁদের পরিবার আরও বেড়ে উঠুক। রিয়্যালিটি শো ‘কিপিং আপ উইথ দ্য কারদাশিয়ান্স’এর আগামী পর্বের প্রোমোয় দেখা গিয়েছে, কিম তাঁর বোনদের কাছে ফের মা হওয়ার ইচ্ছে প্রকাশ করছেন। আগের দু’বার মা হওয়ার সময় তাঁর শারীরিক অসুস্থতার ফলে জটিল সমস্যা হয়েছিল। প্রাণহানির আশঙ্কা পর্যন্ত দেখা দিয়েছিল কিমের। এবার ঝুঁকি নিতে চাইছেন না। তার বদলে সারোগেসির অপশনটাই বেশি মনে ধরেছে তাঁর।
প্রোমো দেখে মনে হচ্ছে, কিমের এই সিদ্ধান্তে তাঁর মা ক্রিস জেনার একেবারে হতবাক হয়ে গিয়েছেন। হয়তো সারোগেসির রাস্তাটা ঠিক পছন্দ হয়নি তাঁর। আদপে কিম এবং কেনিয়ে তৃতীয় সন্তান নেবেন কি না, সেটা সময়ই বলবে। তবে এই ধরনের হাই-প্রোফাইল সারোগেসির জন্য যে লাইন পড়ে যাবে, সেটা বোঝাই যাচ্ছে। আপাতত কিমের ভক্তেরা কপালে ভাঁজ ফেলুন!