মাহবুবুল হক খান, দিনাজপুর: আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে চলছে নানামুখী আলোচনা। দিনাজপুর জেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা তৎপরতা শুরু করেছেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির তৎপর থাকলেও এখনো কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিএনপির নেতারা।
দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে এরই মধ্যে মাঠে নেমেছেন দিনাজপুর আওয়ামী লীগের একাধিক নেতা। জাতীয় পার্টিসহ অন্যান্য দলের নেতারাও নিজ নিজ দলের মনোনয়ন পেতে করছেন লবিং। কে হবেন জেলা পরিষদের চেয়ারম্যান তা নিয়ে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। তবে বিএনপি কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করে জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের চিন্তা করছে। জাতীয় পার্টির এক নেতাও চেয়ারম্যান পদে লড়তে চান।
দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে একাধিক নেতা আলোচনায় আছেন। তারা হলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের প্রবীণ ও ত্যাগী নেতা শরিফুল আহসান লাল এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আশফাক হোসেন। তিন নেতাই দলীয় হাইকমান্ডের নজর কাড়ার লক্ষ্যে নানামুখী তৎপরতা চালাচ্ছেন।
এদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন জেলা বিএনপির আহবায়ক এজেডএম রেজওয়ানুল হক ও জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মো. খালিকুজ্জামান বাবু।
জেলা পরিষদের নির্বাচনের ব্যাপারে জাতীয় পার্টির জেলা শাখার সভাপতি ও পর্যটন কেন্দ্র স্বপ্নপুরির স্বত্ব¡াধিকারী আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন জানান, দলীয় সিদ্ধান্তে তাকে দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিক কিংবা না দিক, তিনি অবশ্যই প্রার্থী হবেন। এই নির্বাচনে তিনি জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
জেলা পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থীর থাকবে কিনা জানতে চাইলে জেলা কমিটির যুগ্ম আহবায়ক মো. খালিকুজ্জামান বাবু বলেন, জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত পালন করব।
জেলা পরিষদের নির্বাচনের ব্যাপারে নিয়ে নাম প্রকাশ না করার শর্তে দিনাজপুর জেলার ক্ষমতাসীন দলের সমর্থক একজন ইউপি চেয়ারম্যান জানান, সুবিধাবাদীদের ভিড়ে আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতা সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। আসন্ন জেলা পরিষদের নির্বাচন সামনে রেখে তাদের মাঝে কিছুটা চাঙ্গাভাব দেখা যাচ্ছে।
কে হচ্ছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী? জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী বলেন, জেলা আওয়ামী লীগের দলীয় আলোচনার পর একজন প্রার্থীর নাম দলীয় সভানেত্রীর কাছে প্রস্তাব করে পাঠানো হবে। সভানেত্রী যে সিদ্ধান্ত নেবেন, সেটাই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।
দিনাজপুর জেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাহমুদ হাসান জানান, জেলা পরিষদের নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণের প্রক্রিয়া শুরু করেছি। দিনাজপুর জেলা পরিষদের নির্বাচনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন মিলিয়ে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৪৮৬ জন। অচিরেই নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে জানান নির্বাচন অফিসার মাহমুদ হাসান।