সিসি নিউজ: গাইবান্ধায় হামলায় আহত সাঁওতাল সম্প্রদায়ের তিনজনকে হাতকড়া খুলে চিকিৎসা দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট জারি করেন। তিন সাঁওতাল হলেন- বিমল কিস্কু, ডিজেন টুডু ও চরন সরেন।
রোববার জাতীয় একটি দৈনিকে তিন সাঁওতালকে হাতকড়া পরিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে এ ধরনের একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি সংযুক্ত করে জ্যোতির্ময় বড়ুয়া এ রিট আবেদনটি করেন।
ব্যারিস্টার জ্যোতির্ময় বলেন, “কোনো আসামিকে চিকিৎসা দিতে হলেও হাতকড়া পরা অবস্থায় চিকিৎসা দেয়া সম্পূর্ণ বেআইনি ও মানবাধিকার লঙ্ঘন। তাদের হাতকড়া খুলে চিকিৎসা দেয়ার নির্দেশনা চেয়েই এ রিট আবেদন করা হয়েছে।”
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ আখ খামারের জমি নিয়ে বিরোধের জের ধরে সেখানে বাস করা প্রায় আড়াই হাজার সাঁওতাল বসতি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয় বাঙালি-পুলিশ ও সাঁওতালদের মধ্যে সংঘর্ষে বেশ কজন সাঁওতাল আহত হন। মামলা করা হয় শতাধিক সাঁওতালের ব্যক্তির নামে।
এ ঘটনায় আহত তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের হাতকড়া ও কোমরে দড়ি বেঁধে চিকিৎসা দেয়া হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
হামলায় এ পর্যন্ত তিনজনের সাঁওতালের মৃত্যুর খবর পাওয়া গেছে।