চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ): ছাতকে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে নদীতে ডুবে লিখন দাস (১৮) নামের এক জেলের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বুধবার সকালে উপজেলার দোলারবাজার ইউপির মঈনপুর বাজার সংলগ্ন বটেরখালে এঘটনা ঘটে। সে একই ইউপির সরিষপুর গ্রামের খোকন দাসের পুত্র। জানা যায়, ঘটনার সময় লিখন দাস নৌকা দিয়ে নদীতে জাল ফেলে মাছ ধরতে ছিল। একপর্যায়ে সে নদীতে পড়ে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ছাতক ফায়ার সার্ভিসের ডুবুরিদল সেখানে গিয়ে বেলা দেড় টায় লাশ উদ্ধার করেছে। ইউপি চেয়ারম্যান শায়েস্তা মিয়া জানান, মাছ ধরতে গিয়ে লিখন নামের এক জেলে পুত্র নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিস এসে তার লাশ উদ্ধার করে। ছাতক ফায়ার সর্ভিসের উপ-সহকারি পরিচালক রফিকুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পৌছে ডুবুরি দলের মাধ্যমে লাশ উদ্ধার করা হয়েছে।
দৈনিক সিলেট বাণীর সম্পাদকের মৃত্যুতে ছাতক প্রেসক্লাবের শোক
দৈনিক সিলেট বাণীর সম্পাদক, সিলেটের প্রবীন সাংবাদিক নগরের আগপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী জাহিরুল হক চৌধুরীর মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দ। একযুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। বিবৃতিদাতারা হলেন, ছাতক প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার, সিনিয়র সহ-সভাপতি চান মিয়া, সহ-সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম হিরণ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনাইদ আহমদ জুনেদ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান সবুজ, সদস্য সায়েম আহমদ, শাহ মোহাম্মদ আলী মুজিব, নাজমুল ইসলাম, হেলাল আহমদ, রবিউল ইসলাম তারেক, আরিফুর রহমান মানিক প্রমূখ।
ছাতকে ঘুষের টাকাসহ বিদ্যুৎ অফিসের লাইনম্যান আটক
ছাতকে ঘুষের টাকাসহ বিদ্যুৎ অফিসের ইদ্রিছ আলী নামের এক লাইনম্যানকে আটক করেছে পৌর কাউন্সিলরসহ এলাকাবাসী। সোমবার রাতে লাফার্জ ফেরিঘাট এলাকায় বসবাসরত নোয়ারাই ইউপির বেতুরা গ্রামের সৌদি প্রবাসী সফিক মিয়ার স্ত্রী হাসিনা বেগম নামে এক গ্রাহকের কাছ থেকে ঘুষের টাকা নেয়ার সময় তাকে আটক করা হয়। জানা যায়, প্রায় দু’মাস আগে ছাতক বিদ্যুৎ অফিসের নির্দেশ অনুযায়ী দোয়ারাবাজারের প্রবাসী সফিক মিয়ার বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। অফিসের কর্মকর্তা জুবায়ের আহমদ ও লাইনম্যান ইদ্রিছ গত ১৭নভেম্বর হাসিনা বেগমের বাড়িতে বিদ্যুতের মিটার বিচ্ছিন্ন করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়েরের হুমকি দেয়। অন্যথায় নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকারকে ৩৫হাজার টাকা দেয়ার কথা বলে। পরে হাসিনা বেগম বিষয়টি ভাগিনা সোহেল মিয়াকে অবহিত করলে, লাইনম্যান ইদ্রিছ তার কাছেও টাকা দাবি করে। একপর্যায়ে সোমবার রাতে পৌর কমিশনার আছাব মিয়াসহ স্থানীয় লোকজন লাফার্জ ফেরিঘাটের একটি চায়ের দোকানে হাসিনা বেগমের কাছ থেকে ঘুষের ৩৫হাজার টাকা লেনদেনের সময় লাইনম্যান ইদ্রিছকে আটক করা হয়। এব্যাপারে লাইনম্যান ইদ্রিছ জানান, সে টাকা নিতে আসে নাই। তবে ওই মহিলার সাথে বিদ্যুতের ক্ষতিপূরন মামলার বিষয়ে বিস্তারিত কথা বলতে এখানে এসেছে। কাউন্সিলর আছাব মিয়া জানান, ঘুষের টাকা লেনদেনের সময় আটক করা হয় এবং পরে তার কাছ থেকে লিখিত স্বীকারোক্তি নিয়ে ছেড়ে দেয়া হয়। ছাতক বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার জানান, লাইনম্যান ইদ্রিছ বিদ্যুৎ অফিসের কেউ নয়, বিদ্যুতের মামলা নিস্পত্তির ব্যাপারে তার সাথে টাকা লেনদেন নিয়ে ইদ্রিছের কোন কথা হয়নি।
ছাতকে ইউএনওর চেক চুরি, আটক ১
ছাতক উপজেলা নির্বাহী অফিসের ব্যাংকের চেকের পাতা চুরির অভিযোগে অজিত পাল নামের এক পিয়নকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। জানা যায়, পৌরসভার কুমনা গ্রামের রাকেশ পালের পূত্র অজিত পাল ৪বছর থেকে অস্থায়ী পিয়ন পদে উপজেলা পরিষদ কার্যালয়ে কর্মরত রয়েছে। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের কক্ষ থেকে স্বাক্ষর করা সোনালী ব্যাংকের ২টি ও কৃষি ব্যাংকের ১টি চেকের পাতা কৌশলে চুরি করে অজিত পাল জনৈক আব্দুল হক ও রুপা মিয়া নামের দু’ব্যক্তিকে টাকার উত্তোলনের জন্যে ব্যাংকে পাঠায়। কিন্তু তারা ব্যাংকে না গিয়ে চেকগুলো উপজেলা কার্যালয়ে নিয়ে আসে। তাদের স্বীকারোক্তি মোতাবেক মঙ্গলবার ৩টি চেক উদ্ধারসহ তাকে আটক করা হয়। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ছাতক উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (চদা) শেখ হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অজিত ব্যাংকের চেকের পাতা চুরি করে প্রতারনার আশ্রয় নিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।