ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, প্রচলিত পদ্ধতিতে বিতর্কমুক্ত নির্বাচন কমিশন গঠন সম্ভব নয়। তাই সংবিধান অনুযায়ী আইনি কাঠামো নির্মাণের মধ্য দিয়ে, পরবর্তী নির্বাচন কমিশন গঠন করতে হবে।
শনিবার সকালে রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে, নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন পদ্ধতি সংস্কার নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন
এরশাদ বলেন, শুধু গঠন প্রক্রিয়াই নয়, নির্বাচন কমিশনের ক্ষমতার স্বাধীনতাও নিশ্চিত করতে হবে। এজন্য নির্বাচন কমিশনারদের নিয়োগ প্রক্রিয়াও হতে হবে স্বচ্ছ। যাতে তারা নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও ভোটারদের আস্থা অর্জনে সক্ষম হন।
বর্তমান নির্বাচন পদ্ধতির সমালোচনা করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সংসদীয় ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমেই সাধারণ নাগরিকদের অধিকারের বিষয়টি নিশ্চিত করা সম্ভব।