মাদারীপুর: শীঘ্রই বাংলাদেশিদের জন্য ভারতের ভিসার মেয়াদ এক বছর থেকে ৫ বছর মেয়াদী করা হবে বলে জানিয়েছেন ভারতের হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রীংলা।
রোববার দুপুরে মাদারীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের চুক্তি সাক্ষর শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় হর্ষবর্ধণ শ্রীংলা বলেন, ভারতের ভিসা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন জটিলতা কাটিয়ে উঠতে সব ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে।
হাই কমিশনার বলেন, বাংলাদেশিদের ইন্ডিয়ার ভিসা প্রাপ্তিতে জটিলতা নিরসনে ভারত সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। অচিরেই এই সমস্যার সমাধান হবে। ফলে কোন ব্যক্তি শুধু একা নয়, তার গোটা পরিবার নিয়ে সহজেই ভিসা পেয়ে ভারতে যে কোন কাজের জন্য যেতে পারবে।
এ সময় হর্ষ বর্ধণ শ্রিংলা আরো বলেন, শুধু এক বছর মেয়াদি নয়, এখন থেকে ৫ বছর মেয়াদী ভিসা পাওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বাবর আলী মীর, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামান ভূঁইয়া, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান প্রমুখ।