• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |

রংপুরে কয়েন দিয়ে প্রতীকী দাফন

কয়েনরংপুর: রাষ্ট্রমালিকানাধীন ও তফসিলি ব্যাংকগুলো কয়েন গ্রহণ না করার অভিযোগে রংপুরে কয়েন দিয়ে প্রতীকী দাফনের মাধ্যমে অভিনব প্রতিবাদ জানিয়েছে বেকারি মালিকরা। সোমবার বেলা ১টায় বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার সামনে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ ব্রেড, বিস্কুট অ্যান্ড কনফেকশনারী প্রস্তুতকারক সমিতি রংপুর বিভাগীয় শাখা।

ব্যাংকগুলোতে ধাতব মুদ্রা (কয়েক) গ্রহন না করার প্রতিবাদসহ ৬ দফা দাবি জানানো হয়। অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে বেকারি শিল্পকে হস্তশিল্প হিসেবে গণ্য করে নতুন করে ভ্যাট আরোপ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে হয়রানি বন্ধ, প্রয়োজন না থাকা সত্বেও বিভিন্ন দফতরের লাইসেন্স নেয়া বন্ধ করা।

এর আগে সকাল থেকে রংপুর বিভাগের ৮ জেলা থেকে বেকারির সহস্রাধিক মালিক ও শ্রমিক রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে জমায়েত হয়। এসময় একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের সামনে অবস্থান নেয়। আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার ডিজিএমের সাথে সাক্ষাত করলে কয়েন নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে তারা মিছিল নিয়ে রংপুর প্রেসক্লাব চত্বরে সমবেত হয়ে সমাবেশ করে।

সমাবেশে সংগঠনের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক ফয়জুল কবির লিটনের সভাপতিত্বে বক্তব্য দেন উত্তরবঙ্গ বাংলাদেশ ব্রেড বিস্কুট প্রস্তুতকারক বেকারি ও কনফেকশনারী মালিক সমিতির সভাপতি মাকসুদুল ইসলাম পাটোয়ারী, সংগঠনের রংপুর বিভাগীয় সভাপতি রিয়াজ শহিদ, সহসভাপতি নুরুন্নবী মুন্না মিয়া, সদস্য মানিক মিয়া প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বেকারি মালিকরা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। অথচ ব্যাংকগুলো মালিকদের কাছে থাকা কোটি কোটি টাকার কয়েন গ্রহণ করছে না।

বিবার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ