সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর শহরে মুক্তিযুদ্ধে শহীদদের নামের তালিকা প্রকাশ ও গেজেটভুক্তকরণের দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার মুক্তিযুদ্ধে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১ সৈয়দপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে কর্মসূচি শুরু হয়। কর্মসূচি চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। মানববন্ধনে মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান, শিক্ষকসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১ সৈয়দপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী আলহাজ্ব এ এ এম মঞ্জুর হোসেন এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন শহীদ পরিবারের সদস্য ও সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ মো. বখতিয়ার কবির, মুক্তিযোদ্ধা সংসদ সৈয়দপুর উপজেলা কমান্ডার মো. একরামুল হক সরকার, সৈয়দপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ, শহীদ পরিবারের সন্তান অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খোকন, লিয়াকত হোসেন লিটন, ইফফাত আরা কলি, মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুজ্জামান জোয়ারদার, প্রজন্ম ৭১ এর সহসভাপতি সাংবাদিক এম আর আলম ঝন্টু প্রমুখ। আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রজন্ম ৭১ সৈয়দপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসীন।
বক্তারা মুক্তিযুদ্ধের ৪৫ বছররেও শহীদদের নামের তালিকা প্রকাশ ও গেজেটভুক্ত না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে সব শহীদের নামের তালিকা প্রকাশ ও গেজেটভুক্তকরণের দাবি জানান।