ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার নিচপুটিয়া গ্রামের কৃষক মহিদুল ইসলাম হত্যার মুল পরিকল্পনাকারী স্ত্রী শাহানাজ পারভীন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছেন। সোমবার বিকেলে ঝিনাইদহের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান এর আদালতে এ জবানবন্দি প্রদাণ করে।
রবিবার সকালে সদর উপজেলা নিচপুটিয়া গ্রামের মাঠ থেকে কৃষক মহিদুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন বিকেলে নিহতের পিতা আব্দুস সালাম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মনির আহম্মেদ জানান, মামলা দায়েরের পর ঝিনাইদহ র্যাব-৬ মামলার তদন্ত শুরু করে। স্ত্রীর পরকীয়ার কারণে কৃষক মহিদুল হত্যার বিষয়টি বেরিয়ে এলে র্যাব স্ত্রী শাহানাজ পারভীনকে আটক করে আদালতে সোপর্দ করে।
পরে সোমবার বিকেলে বিচারকের সামনে স্বামী হত্যার দায় স্বীকার করে স্ত্রী শাহানাজ পারভীন।
র্যাব-৬ জানায়, ওই গ্রামের কাওসার আলীর ছেলে বকুলের সাথে শাহানাজ পারভীনের দীর্ঘদিন যাবত পরকীয়া চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাতে কৃষক মহিদুল ইসলামকে হত্যা করা হয়।
শৈলকুপায় সিএনজি চোরকে গণধোলাই
ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া বাজারে কালাম (৩০) নামে এক যুবককে সিএনজি চুরির অভিযোগে গণধোলাই দিয়েছে স্থানিয় জনতা। পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে তিনি ঝিনাইদহ সদর উপজেলার হলিধানির রফিকের ছেলে।
স্থানিয়রা জানান, কালাম সহ ৩ জন কান চুলকানির নামে কৌশলে ইজিবাইকের চাবি নিয়ে চলে যেতে চাইলে, তাকে জাপটে ধরে চিৎকার করলে জনতা এসে গনধোলাই দেয়। বাকি ২ জন গাড়ি নিয়ে পালিয়ে যাই। শৈলকুপা থানার উপ পরিদর্শক আজাদ জানান, গনধোলায়ের পর তাকে ঘরে আটকে রাখা হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করা হয়েছে।
আগুনে পুড়ে শিশুর মৃত্যু
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামে আগুনে পুড়ে মুত্তাকিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।
শিশু মুত্তাকিন উপজেলার বাথানগাছি গ্রামের আলী হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, সকালে মুত্তাকিনের মা চুলায় ধান সিদ্ধ করছিল। এ সময় খেলতে খেলতে চুলার মধ্যে পড়ে মুত্তাকিন দগ্ধ হয়।
পরে প্রতিবেশিরা দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মা চুলায় ধান সিদ্ধ করছিল মুত্তাকিন খেলতে খেলতে চুলার মধ্যে পড়ে যায় ।
ঝিনাইদহে বিভিন্ন মামলার আসামীসহ আটক ৭
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ সোমবার ভোর রাত থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৭ জনকে আটক করেছে।
মহেশপুর থানার ডিউটি অফিসার এএসআই আব্দুস সাত্তার জানান, সোমবার ভোর রাত থেকে দুপুর পর্যন্ত থানার এস আই খবির হোসেন, এস আই আবুল বাসার, এস আই সামছুল আলম, অভিযান চালিয়ে বলিভদ্রপুর গ্রাম থেকে ৩ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সারজুল ইসলাম (৪৮), শ্যামনগর গ্রামের সন্ত্রাসী আলী আকবার (৫২), সোনাইডাঙ্গা গ্রামের হোসেন আলী (৩৮), বজরাপুর গ্রামের জসিম উদ্দিন(৩৫), গয়েশপুর গ্রামের সাদিকুল ইসলাম (৪২), বকুনদিয়া গ্রামের আরিফুল ইসলাম (২৪) ও মিয়া সুন্দরপুর গ্রামের সেলিম ওরফে মকছেদ আলীকে (৩৫) আটক করেছে। আটক কৃতদেরকে সোমবার বিকালে ঝিনাইদহ আদালতে প্রেরন করা হয়েছে।
মহেশপুর থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিল্পব জানান, আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় একাধিক মামলাসহ গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।