সিসি ডেস্ক: নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সাধারন সদস্য পদে ১নং ওয়ার্ডের (নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ থেকে ৯ নং ওয়ার্ড) একক প্রার্থী কোটিপতি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান। বসবাস করেন সিদ্ধিরগঞ্জ মিজমিজি মজিব মার্কেট ঠিকানায়। পিতার নাম মৃত. রজব আলী ও মাতা মৃত. জুলেখা বিবি।
জন্ম ১৯৫১ সালের ২৮ ফেব্রুয়ারী। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। বর্তমানে তার হাতে নগদ ৫২ লাখ ২৭ হাজার ৬৮২ টাকা আছে। তার আয়ের উৎস গার্মেন্টস ব্যবসা। স্ত্রী মাহমুদা রহমান মৃত হওয়ায় নিজ নামে রয়েছে ২৫ ভরি স্বর্ণ। সিদ্ধিরগঞ্জে সাড়ে ৭৬ শতক জমিসহ মজিবুর রহমানের মোট ১ কোটি ১৯ লাখ ৬ হাজার ৯৪০ টাকার সম্পদ রয়েছে।
এ থেকে তিনি বছরে ব্যয় করেন ৩ লাখ ৩৭ হাজার ৩০৪ টাকা। এতে তিনি রিটার্ন প্রদর্শিত মোট আয় ৬ লাখ ৮০ হাজার ১৩৭ টাকা হতে কর দাখিল করেন ৪৪ হাজার ৫২১ টাকা। মজিবুর রহমানের দাখিল করা হলফ নামা থেকে এসব তথ্য পাওয়া যায়। তবে নিজ এলাকায় মজিবুর রহমান নানা বিষয়ে বিতর্কিত।
জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ হবে ১২ ডিসেম্বর। ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহন। এতে চেয়ারম্যানসহ ২১ জন নির্বাচিত হবে। এরমধ্যে একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও পাঁচজন সংরক্ষিত সদস্য থাকবেন আর তাদের নির্বাচিত করবেন ৬’শ ১১জন জনপ্রতিনিধি।