নাটোর: নাটোরের তিন যুবলীগ কর্মীর গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার রাতে নিহত রেদওয়ান আহমেদ সাব্বিরের মা রুখসানা বেগম বাদি হয়ে এই মামলা দায়ের করেন
মামলার বাদি রুখসানা বেগম তার আরজিতে উল্লেখ করেন যে, গত ৩ ডিসেম্বর শনিবার রাতে নাটোর সদর থানার তকিয়া বাজার থেকে তিন যুবলীগ কর্মী রেদওয়ান আহমেদ সাব্বির, আব্দুল্লাহ ও সোহেল আহমেদকে প্রশিক্ষণপ্রাপ্ত এক বিশেষ বাহিনী দুটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়।
পরে তাদের গুলিবিদ্ধ মৃতদেহ দিনাজপুরের ঘোড়াঘাট থেকে উদ্ধার করা হয়। এ ঘটনার তদন্ত করে যারা এর সাথে জড়িত তাদের গ্রেফতার ও সুষ্ঠু বিচার প্রার্থনা করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত শনিবার রাতে মাইক্রোবাসে করে নাটোর শহরতলীর তকিয়া বাজার থেকে তিন যুবলীগ কর্মীকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। সোমবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাটের কলাবাড়ি এলাকার একটি পুকুর পাড় থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যাকান্ডের রহস্য উদঘাটনে প্রশাসনকে তিনদিনের আল্টিমেটাম দিয়েছে স্থানীয় এমপিসহ জেলা যুবলীগ।