• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন |

পুকুরে পড়ে আছে শহীদ মিনার

সিসি ডেস্ক: এক বছরেরও বেশি সময় ধরে পুকুরে পড়ে আছে রাজশাহীর দুর্গাপুরের নওপাড়া উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার। নির্মাণকাজ পুরোপুরি শেষ না হতেই শহীদ মিনারের নিচের অংশের মাটি ধসে যায়। এতে মিনারটি পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানায়, সুরক্ষা প্রাচীর ছাড়াই পুকুর পাড়ে শহীদ মিনারটি নির্মাণ করা হচ্ছিল। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজ শেষ হওয়ার আগেই এর নিচের অংশ ধসে যায়। তবে এখন পর্যন্ত এটি সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল গণি বোখারী জানান, শহীদ মিনারের বিষয়ে উপজেলা প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার তাগাদা দেয়া হয়েছে। কিন্তু লাভ হয়নি। শহীদ মিনার এভাবে পুকুরে পড়ে থাকা শহীদদের অবমাননার শামিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ সরদারের সহায়তায় টিআর প্রকল্পের অর্থ দিয়ে ওই শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ওই প্রকল্পের দায়িত্ব দেয়া হয় নওপাড়া ইউনিয়নের সাবেক সদস্য আবুল কালাম আজাদকে। দীর্ঘ সময় পার হলেও তিনি শহীদ মিনারের নির্মাণকাজ শেষ করেননি।

পরে আরেক দফা ব্যয় বাড়িয়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ওই শহীদ মিনারের কাজ শেষ করার উদ্যোগ নেন। এ সময় দায়িত্ব দেয়া হয় নওপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আক্কাস আলীকে। তিনি আগের নির্মিত কাঠামোয় পলেস্তারা করেন। টাইলস বসানোর সময় শহীদ মিনারটি শেষ পর্যন্ত পুকুরেই পড়ে যায়।

নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাফ হোসেন বলেন, আমরা চাই নতুন করে শহীদ মিনার নির্মাণ অথবা পুকুরে চলে যাওয়াটি সংস্কার করা হোক। এ ব্যাপারে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হয়েছে। অনুদান পেলেই আবার কাজ শুরু হবে।

উৎসঃ   বণিকবার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ