দিনাজপুর প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টায় দিনাজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. মকশেদ আলী মঙ্গলীয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা সাবেক মন্ত্রী আলহাজ্ব মনসুর আলী সরকার। জেলা বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. কামরুজ্জামান’র সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী পরিষদ দিনাজপুর জেলা শাখার আহবায়ক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যোন মো. মোকাররম হোসেন, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন চৌধুরী, জিয়া পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, দিনাজপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সামসুজ্জামান চৌধুরী খোকা, বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. মিজানুর রহমান প্রমূখ।
সভায় বক্তারা বলেন, গনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। দেশ ও জনগণের কল্যানের জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। কিন্তু আজ পর্যন্ত আমরা স্বাধীন হতে পারিনি। দেশে বর্তমানে গনতন্ত্র ও বাক-স্বাধীনতা বলতে কিছু নেই। বাক-স্বাধীনতা আজ নির্বাসিত। কথায় কথায় মামলা দিয়ে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের জেলে পাঠানো হচ্ছে। বক্তারা বলেন, আওয়ামী লীগ করলে মুক্তিযোদ্ধা আর বিএনপি করলে রাজাকার। তবে মুক্তিযোদ্ধার তালিকা যাছাই-বাছায়ের কোন দরকার নেই। ঘোষণা দিয়ে দিলেই তো হয়ে যায়, যারা আওয়ামী লীগ করে তারা মুক্তিযোদ্ধা, আর যারা বিএনপি করে তারা সবাই রাজাকার।
বক্তারা দিনে বিএনপি আর রাতে আওয়ামী লীগ এই দ্বৈতনীতি পরিহার করার জন্য বিএনপির নেতাকর্মীদের প্রতি আহাবান জানান। পাশাপশি দেশে হারানো গনতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান। এদিকে আলোচনা সভার পূর্বে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।