• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |

বাস-জিপের মুখোমুখী সংঘর্ষে বাবা-মেয়েসহ নিহত ৪

কক্সবাজার: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ছগিরশাহ কাটা এলাকায় বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও আটজন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজন হলো মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের মো. কালু (৪২), তার মেয়ে রিনা আকতার (১৭), একই এলাকার কালা খাতুন (৫০) ও চকরিয়া পৌরসভার পূর্ব নিজপানখালী এলাকার মো. ইলিয়াছ খানের ছেলে আলী রিয়াজ রায়হান (২৩)।
আহত হন নিহত কালুর স্ত্রী সাবেকুন্নাহার (৩৫), মেয়ে সাকেরা আকতার (৮), জিপচালক বদিউল আলম (৫০), জয়নব নিছা (১৯), নুরী জান্নাত (৯), নজরুল ইসলাম (২৪), হেফাজ উদ্দিন (১২) ও খাইরুন্নেছা (৩০)।
আহত যাত্রী, প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও পুলিশ জানিয়েছে, চকরিয়া উপজেলার মালুমঘাট থেকে চকরিয়া পৌরশহরমুখী একটি জিপ গাড়ির (টাটা ম্যাজিক) সঙ্গে ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহ কাটা এলাকায় কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। মূলত বাঁক অতিক্রম করতে গিয়ে বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে জিপের যাত্রীরা হতাহত হয়। পরে স্থানীয় লোকজন হতাহত লোকজনকে উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা চারজনকে মৃত ঘোষণা করেন। আহত আটজনকে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে।
আহত সাবেকুন্নাহার জানান, তারা গতকাল বৃহস্পতিবার সকালে চকরিয়া পৌরসভার পালাকাটা এলাকায় মেয়ে কহিনুর আকতারের বাড়ি বেড়াতে যান। এরপর শুক্রবার সকালে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বেড়াতে যান। পার্কে ঘোরার পর একটি জিপ নিয়ে সবাই মেয়ের বাড়ি ফিরছিলেন। পথে দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আশিকুর রহমান বলেন, চারজনের লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আহত লোকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ