দিনাজপুর প্রতিনিধি: প্রাক-বড়দিন উদযাপন উপলক্ষে খ্রীষ্টান সম্প্রদায়ের লোকদের সাথে দিনাজপুর পৌর পরিষদের বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আহাম্মেদুজ্জামান ডাবলু। বক্তব্য রাখেন কুটিবাড়ীস্থ দিনাজপুর আঞ্চলিক ব্যাপ্টিস চার্চ সংঘ’র সহকারী পালক প্রধান রেভারেন্ড জনবিটু মধু, সিস্টার বিনা রোজারিও, সিস্টার পারুল গোমেজ, গ্রাম প্রধান নাথালিউস মারান্ডী প্রমূখ। অনুষ্ঠানে ওয়াইএমসিএ’র সভাপতি মি. ফাবিয়ান মন্ডল, সিস্টার রাণি, সিস্টার তানিয়া গোমেজ, দিনাজপুর পৌরসভার কাউন্সিলর, মোছাঃ মাকসুদা বেগম মিনা, পৌরসভার কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, মো. মুজিবুর রহমান বাচ্চুসহ দিনাজপুরে বসবাসরত খ্রীষ্টান সম্প্রদায়ের বিভিন্ন মিশনের প্রতিনিধি ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কমচারী উপস্থিত ছিলেন।
এদিকে মতবিনিময় সভায় আগত খ্রীষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের ঢাকা থেকে মোবাইলে শুভেচ্ছা জানান দিনাজুপর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি দৃর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত আউলিয়াপুর মিশন স্কুলের নৈশ প্রহরী সুকু শিবু সরেণ’র পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পৌর পরিষদের পক্ষ থেকে তাঁর পরিবারকে এককালিন ৫ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
দিনাজপুর পৌর পরিষদ বড়দিন উপলক্ষে খ্রীষ্টান সম্প্রদায়ের লোকদের সাথে এ ধরনে অনুষ্ঠান আয়োজন করার জন্য পৌরসভার মেয়রসহ পৌর পরিষদকে ধন্যবাদ জানান। ভারপ্রাপ্ত মেয়র আহাম্মেদুজ্জামান ডাবলু পৌর পরিষদের পক্ষ থেকে খ্রীষ্টান সম্প্রদায়সহ অন্যান্য সকল ধর্মের লোকদের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে ভারপ্রাপ্ত মেয়র আহাম্মেদুজ্জামান ডাবলু অনুষ্ঠানে আগত খ্রীষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে শুভ প্রাক-বড়দিনের কেক কাটেন।