কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পৌরসভা এলাকার আরাজি কুমরপুর গ্রামে জমিতে ধানের লাগাতে গেলে প্রতিপক্ষের হামলায় ৬ জন গুরুত্বর আহত অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নাগেশ্বরী উপজেলার পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার সকাল ১১ টায় নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের জামতলা গ্রামের আব্দুল জলিল তার পরিবারের ৪ সদস্যকে নিয়ে পাশ্ববর্তী গ্রাম নাগেশ্বরী পৌরসভা এলাকার আরাজি কুমরপুরে নিজস্ব জমিতে ধানের চারা লাগাতে যায়। এসময় আফতার আলী গংরা লাঠি-সোটাসহ দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে এসে আব্দুল জলিল গংদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই আব্দুল জলিল (৭০), শহিদুল ইসলাম (৩৮), আবুল হোসেন (৬০), মোতালেব (৫০), আলম (৩৫) ও শাহজুল (২৭) গরুত্বর আহত হয়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। চিকিৎসারত ডাক্তার তাদের অবস্থা গুরুত্বর দেখে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করে।
কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসারত আব্দুল জলিল ও মোতালেব জানায়, তাদের বাপ-দাদার জমিতে তারা প্রায় ৫০ বছর ধরে চাষাবাদ করে আসছেন। এ অবস্থায় হঠাৎ করে আফতার আলী কাগজপত্র ছাড়াই আমাদের দুই একর জমির মধ্যে ৩০ শতক জমি পাওয়ার দাবী করে জমিতে নামতে বাধা দেয়। গত বৃহস্পতিবার জমিতে ধানের চারা লাগাতে গেলে আফতাব আলী তার পরিবারের সকল সদস্যসহ ধারালো অস্ত্র নিয়ে আতর্কিত হামলা চালায়।
এব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আফজালুল হক জানান, জমি নিয়ে সংঘর্ষের ঘটনার এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।