ঢাকা: বিএনপির প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র স্ত্রী নাহিদা হান্নান অগ্নিদগ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে মহাখালীর ডিওএইচএস’র নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটে।
পরে বিকাল ৪টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হান্নান শাহ’র ছেলে রেজাউল হান্নান জানান, বিকেল ৩টার দিকে রান্নাঘরে পানি গরম করতে গেলে তার মায়ের শাড়িতে আগুন লাগে। এতে বাম হাত, কব্জি, মুখের কিছু অংশ পুড়ে যায়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, তার শরীরের ৯ শতাংশ পুড়ে গেছে।