রংপুর: রংপুরের মিঠাপুকুরে কথিত বন্দুকযুদ্ধে পুলিশ হত্যাসহ একাধিক ডাকাতি মামলার আসামি রাহাত(৩২) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।
রোববার রাতে ভেলুয়ার ব্রীজ এলাকায় এই ‘বন্দুকযুদ্ধ’ হয়।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, মিঠাপুকুরে এএসআই আব্দুর রহিম হত্যা মামলাসহ ১০ টি ডাকাতি মামলার আসামি বালুয়ামাসিমপুর ইউনিয়নের বুজুরুক সন্তোষপুর গ্রামের মৃত শহিদুল্লাহর পুত্র রাহাত(৩২) রোববার দুপুরে গ্রেফতার করা হয়।
রাতে রাহাতকে নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানে বের হলে ভেলুয়ার ব্রীজ এলাকায় যাওয়া মাত্রই তার সঙ্গীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়ে। এতে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এসময় ক্রসফায়ারে রাহাত মারা যায়। এসময় এসআই স্বপনসহ একজন কনেস্টবল আহত হয়। রাহাতের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।