ঢাকা: রাজধানীর চকবাজারে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। মঙ্গলবার রাত ১টার দিকে নগরীর চকবাজারের নাজিমউদ্দিন রোডের আফতাব হোটেলে সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মোহাম্মদ সানি (২০) ও আকাশ (২৫)। আহত ব্যক্তির নাম রিপন (২০)।
এ বিষয়ে জানতে চাইলে বুধবার সকালে চকবাজার থানার উপপরির্দশক (এসআই) খায়রুল ইসলাম জানান, দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাক গত রাতে সানি, আকাশ ও রিপনকে বহনকারী মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরাইকেলে থাকা তিনজন রাস্তার ওপর ছিটকে পড়ে। দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এসআই জানান, দুর্ঘটনার পরই ট্রাকচালককে আটক করা হয়েছে। গুরুতর আহত রিপনকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।