সিসি নিউজ: রোটারী ক্লাব সৈয়দপুরের আয়োজনে শুক্রবার সকালে এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরে বিনামূল্যে প্রায় দেড় শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করে ওষুধ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয় এবং ১৫ জন রোগীর চক্ষু অপারেশনের নির্বাচন করা হয়।
এ উপলক্ষে রোটারী ক্লাব চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে নীলফামারীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সিরাজুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মুসা জঙ্গী উপস্থিত ছিলেন। রোটারী ক্লাব সৈয়দপুরের সভাপতি রোটারিয়ান আজহারুল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চার্টার প্রেসিডেন্ট ডা. শরীফুল আলম চৌধুরী, ক্লাবের সাধারণ সম্পাদক ডা. এনামুল হক, রোটারিয়ান আহসান হাবিব প্রমুখ।
বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. শরীফুল আলম চৌধুরীর নেতৃত্বে চক্ষু শিবিরে সৈয়দপুর সম্মিলিত সামরিক হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন মেজর ড. নুরুল আলম সিদ্দিকী, ডা. মুক্তাদির, ডা. নাজমুস সাকিব শিবিরে রোগী দেখেন। এছাড়া রোটারিয়ান সদস্য ও স্বেচ্ছাসেবকরা এ কাজে সহযোগিতা করেন।