ফেনী: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার এর সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলা করছেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী।
রোববার বেলা ১১টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মশিউর রহমান খানের আদালতে এ মামলা করেন। ইকবাল সোবহান চৌধুরী ছাড়াও এ মামলায় প্রতিবেদক মামুনুর রশীদসহ অজ্ঞাতনামা আরো ২-৩ জনকে আসামি করা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী জিপি প্রিয় রঞ্জন দত্ত মামলার আবেদনের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৩ জানুয়ারি ইকবাল সোবহান চৌধুরী সম্পাদিত ইংরেজি দৈনিক বাংলাদেশ অবজারভার পত্রিকায় ‘Police await PM’s order to crack down on drug lords’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এতে উল্লেখ করা হয়, বাদীর বিপুল পরিমাণ জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বাদীর সুনাম ক্ষুণ্ণ করে জনগণের নিকট হেয় প্রতিপন্ন করায় ডেইলি বাংলাদেশ অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর ও সংশ্লিষ্ট প্রতিবেদক মামুনুর রশিদের বিরুদ্ধে ফেনীর আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলা করা হয়।
এ মামলায় ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী পক্ষে আইনজীবী ছিলেন হাফেজ আহম্মদ, এ এস এম আনোয়ারুল করিম ও কবি বাদল আহম্মদ। বিকেল ৩ টায় মামলার আবেদনের বিষয়ে আদেশ দিবেন সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান খাঁন।