ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য গঠিত সার্চ কমিটিতে নাম দেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার রাতে গণভবনে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতা বিষয়টি জানিয়েছেন।
সূত্র জানায়, সভায় উপস্থিত সবার কাছ থেকে নাম আহ্বান করেন দলের সভাপতি শেখ হাসিনা। সেখান থেকে পাঁচজনের নাম বাছাই করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে মঙ্গলবার বিকেল ৩টার মধ্যে সার্চ কমিটি বরাবর পাঠানো হবে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন যেভাবে হয়েছে, আগামী দিনের নির্বাচনগুলোও সেভাবে অনুষ্ঠিত হবে।’ শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই জনগণ ভোট দেবে। তারা নিজেদের প্রতিনিধি নিজেরাই ঠিক করবে। এটা তাদের এখতিয়ার।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। মানুষ শান্তি চায়, না অশান্তি বেগমের অশান্তি চায়, সে সিদ্ধান্ত তারা নেবে।’
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের উন্নয়ন করে আর বিএনপি-জামায়াত ধ্বংস করতে চায়। তাই আগামী নির্বাচনে ভোটারদের এই তফাৎ খেয়াল রাখার তাগিদ দেন, তিনি।