খুলনা: খুলনার ফুলতলা উপজেলায় এক যুবককে গুলি করে ও বোমা ছুড়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বেজেরডাঙ্গা রেলস্টেশনের পাশে তরুণ সংঘ নামের একটি ক্লাবের বারান্দায় এ ঘটনা ঘটে।
নিহত জনি উপজেলার বেজেরডাঙ্গা এলাকার ইউসুফ মোল্লার ছেলে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শুক্রবার রাতে বেজেরডাঙ্গা রেল স্টেশনের অদূরে জনি তার পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত যুবলীগ নেতা জনি মোল্লার লক্ষ্ করে গুলিবর্ষণ এবং বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। জনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।
তবে কে বা কারা এবং কী কারণে জনি মোল্লাকে হত্যা করেছে তা তাৎক্ষণিক জানাতে পারেননি ওসি।
ফুলতলা উপজেলা যুবলীগের সভাপতি শেখ আলী ইয়াসিন যুবলীগ নেতা জনি মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।