সিসি নিউজ: জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামরুজ্জামানের সহধর্মিনী ও সাবেক মেয়র লিটনের মা জাহানারা জামান মারা গেছেন। রোববার রাত পৌনে ১টার দিকে রাজধানীর গুলশানে মেয়ের বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে জাহানারা জামান দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জাহানারা জামানের এক ছেলে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি জানান, মা দীর্ঘদিন ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। রোববার রাতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। লিটন বলেন, ‘মায়ের মরদেহ রাতেই রাজশাহী আনা হয়েছে। তবে ছোট ভাই দেশের বাইরে থাকায় এখনও জানাজার সময় নির্ধারণ করা হয়নি।’
১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার অন্যতম রাজশাহীর এএইচএম কামারুজ্জামানকে হত্যা করা হয়। রাজনৈতিক পট পরিবর্তনের সময় পঁচাত্তরের ২৩ আগস্ট ধানমন্ডির সরকারি বাসভবন থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল।